দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বর এক নতুন ও দৃষ্টি নন্দন রূপে সেজে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রেজাউল ইসলামের বিশেষ উদ্যোগে এবং দিক-নির্দেশনায় পুরো চত্বর এলাকায় এখন শোভা পাচ্ছে নান্দনিকতার ছোঁয়া।
সরেজমিনে দেখা যায়, বিরল উপজেলা পরিষদ চত্বরের ভেতরে থাকা প্রতিটি গাছের গোড়ায় রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার সব আলপনা ও দৃষ্টিনন্দন নকশা। ধূসর ও এক ঘেয়ে পরিবেশ কাটিয়ে পুরো চত্বরটি এখন এক জীবন্ত শিল্পকর্মে রূপ নিয়েছে। উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগটি ইতিমধ্যে স্থানীয় সাধারণ মানুষ ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জানা গেছে, এই সৌন্দর্যবর্ধন কাজের মূল কারিগর পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার শিল্পকলা একাডেমির একদল উদীয়মান ও তরুণ ছাত্র-ছাত্রী। তাদের সুনিপুণ হাতের ছোঁয়া আর রং-তুলির শৈল্পিক আঁচড়ে উপজেলা চত্বরের গাছ গুলো নতুন জীবন ফিরে পেয়েছে। প্রতিদিন চত্বরে আসা সাধারণ মানুষ এই নান্দনিক দৃশ্য উপভোগ করছেন এবং অনেকেই এই সুন্দর উদ্যোগের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রেজাউল ইসলাম জানান, সরকারি কার্যালয় বা পরিষদ চত্বর মানেই কেবল দাপ্তরিক কাজের জায়গা নয়, এটি যেন সাধারণ মানুষের কাছে একটি পরিচ্ছন্ন ও মানসিক প্রশান্তির স্থান হতে পারে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ শিল্পীদের এই চমৎকার কাজ পুরো চত্বরের পরিবেশটাই বদলে দিয়েছে।
পরিষদ চত্বরে আসা স্থানীয় বাসিন্দারা জানান, গাছের গোড়ায় আলপনা আঁকার ফলে চত্বরের সৌন্দর্য যেমন বহু গুণ বেড়েছে, তেমনি এটি পরিবেশ সচেতনতা ও সংস্কৃতির প্রতি ইতিবাচক বার্তা দিচ্ছে। এমন সুন্দর ও রুচিশীল উদ্যোগ প্রতিটি সরকারি দপ্তরে নেওয়া উচিত বলে তারা মনে করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন