আবুধাবি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে আফগানিস্তান। যদিও নিজেদের ভুলের কারণেই উইকেট সংখ্যা বাড়েনি টাইগারদের।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছে আফগানিস্তান। কোনো উইকেট না হারিয়েই ৩০ রান পার করেছে তারা। তবে ইনিংসে অবিশ্বাস্য ভুল ছিল বাংলাদেশেরও।
হাসান মাহমুদের বলে সেদিকউল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদনে সরব হন বোলার হাসানসহ বাংলাদেশের ফিল্ডাররা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। অথচ আউটের জোরালো সম্ভাবনা থাকলেও রিভিউ নেয়নি বাংলাদেশ।
পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক ধরা পড়ে। অর্থাৎ, বলটি ব্যাটের কানায় লেগেছিল। কিন্তু একই সময়ে ব্যাটের সঙ্গে প্যাডের সংস্পর্শ হওয়ায় বিভ্রান্তিতে পড়ে বাংলাদেশ দল। তাতেই উইকেট পাওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া হয়।
ব্যক্তিগত ৪ রানে জীবন পাওয়া সেদিকউল্লাহ আউট হলেন ৩১ বলে ১৭ রান করে। তার বিদায়ের ২.৪ বল পরই শেষ হয়েছে দ্বিতীয় দিনের প্রথম সেশন। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়া আফগানিস্তান ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন