সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই নারী। প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণ শেষে সুস্থ শরীরে ঘরে ফিরবেন, স্বজনদের সঙ্গে কাটবে দিনের বাকি সময়—ছিল এমনই প্রত্যাশা। কিন্তু তাদের সেই চেনা পথচলা শেষ হলো মর্মান্তিক এক দুর্ঘটনায়। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই নারী। সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না তাদের।
শনিবার সকাল ৭টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন ওই গ্রামের আজিজার রহমানের স্ত্রী জহিলা বেগম (৫৫) ও আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫০)। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন। দুজনই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে দুই নারী মহাসড়কের এক পাশে হাঁটছিলেন। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী সিমেন্টবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত জহিলা বেগমের স্বামী আজিজার রহমানের কাছে দিনটি ছিল অন্য দিনের চেয়ে আলাদা। শনিবার সকালে তার স্ত্রীকে চিকিৎসকের কাছে রংপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। প্রিয় মানুষটিকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার বদলে তাকে হারানোর শোক বয়ে বেড়াতে হচ্ছে এখন।
আজিজার রহমান জানান, তার স্ত্রী নিয়মিত প্রাতঃভ্রমণে বের হতেন। সঙ্গে যেতেন প্রতিবেশী ফজিলা বেগমও। দুজনই ডায়াবেটিসে ভুগছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও তারা একসঙ্গে বাড়ি থেকে বের হন। তবে সেই বেরিয়ে যাওয়া যে তাদের জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবতে পারেননি।
“শনিবার সকালে আমার স্ত্রীকে রংপুরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে নিয়ে আর ডাক্তারের কাছে যাওয়া হলো না। আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল,’ তিনি বলেন।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় দুই নারীর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন