দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে আজ শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে। ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন