কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ কায়দায় শরীরে গাঁজা বেঁধে পাচারের সময় রুবিনা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১০টা দিকে ফুলবাড়ী বাজার স্বর্ণপট্টির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত রুবিনা উপজেলার ফুলবাড়ী গোরক মন্ডপ বিডিআর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে রুবিনার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় থাকা ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে নারী মাদক কারবারিকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন