দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের খামার মধুবনপুর গ্রামে গ্রামীণ টাওয়ার সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। খেলায় চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম শরীফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী।
বিশেষ অতিথি ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও পল্লী চিকিৎসক মো. খাইরুল শাহ, সমাজসেবক ডা. সুজন শেখ, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হামিদুল ইসলাম ও মো. জামাল শেখ এবং একই ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী এজাজুল হক ফরিদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্কাস আলী বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন গ্রামীণ সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেয়। ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের মধ্যে থেকে রাশেদ ইসলাম জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখা এবং যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন