রংপুরের পীরগাছা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডিপুর এলাকার মৌলভীপাড়া গ্রামের মোস্তফার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্তের জন্য উপস্থিত স্থানীয় বাসিন্দাদের দেখানো হয়। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত ব্যক্তিদের কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মাগরিবের নামাজের পর পুকুরে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত হতে স্থানীয়দের দেখানো হলেও কেউ তার পরিচয় জানাতে পারেননি।
ওসি সেলিম মালিক আরও বলেন, “আমরা সিআইডি টিমকে খবর দিয়েছি। তারা এলে পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।”
তবে নিহত নারীর আনুমানিক বয়স, পরনের পোশাক কিংবা শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো সম্ভব হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন