দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (বিকেল ৪টায়) শংকরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শংকরপুর ইউনিয়ন পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মফাজ্জল হোসেন দুলাল।
শংকরপুর ইউনিয়ন পল্লী উন্নয়ন সমিতির সভাপতি ও শংকরপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন,
৮ নং শংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সবুজ,শংকরপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো: আকবর হোসেন সরকার, ৮ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য আলহাজ মোছা. ফজিলাতুন নাহার এবং শংকরপুর মুশিতুল্যা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ।
টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শংকরপুর ইউনিয়ন পল্লী উন্নয়ন সমিতির ক্রীড়া সম্পাদক আলহাজ মো. মোরশেদ আলী চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক ফারিয়েল শামীম মো. রুবেল সরকারসহ সংশ্লিষ্ট আয়োজকেরা।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় দুটি শক্তিশালী দল মাঠে নামে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই ঘিরে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শকের সমাগম ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলায় অংশগ্রহণ করাই বড় কথা নয়, দর্শকদের উপভোগ করার মতো সুন্দর ও মানসম্মত খেলা উপহার দেওয়াও গুরুত্বপূর্ণ। খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তারা আরও বলেন, দিনাজপুরের প্রতিটি ইউনিয়নে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। সুন্দর ও মনোরম পরিবেশে এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা সম্ভব।
স্থানীয়দের মধ্যে এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শংকরপুর ইউনিয়নে ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য আরও বাড়বে এবং নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন