রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্কের গল্প নিয়ে মঞ্চে আসছে ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ত্রয়োদশ প্রদর্শনী হবে। ১৯২৪ সালে পেরু যাওয়ার পথে অসুস্থ হয়ে আর্জেন্টিনায় অবস্থান করতে হয় রবীন্দ্রনাথকে।
সে সময় ভিক্টোরিয়া ওকাম্পোর আমন্ত্রণে সান ইসিদ্রোর মিরালরিও ভিলায় কাটান বেশ কিছুদিন। রিও ডেলা প্লাটা নদীর তীরে ওই বাড়িতে দুজনের মধ্যে গড়ে ওঠে বিশেষ সখ্য। ভাষার ব্যবধান থাকলেও তাদের এ সম্পর্ক রবীন্দ্রনাথের জীবনে স্মরণীয় অধ্যায় হয়ে আছে। ওই সময়ের অভিজ্ঞতা ও অনুভূতির প্রতিফলন রয়েছে তার কাব্যগ্রন্থ ‘পূরবী’তে, যা তিনি উৎসর্গ করেছিলেন ওকাম্পোকে।
রবীন্দ্রনাথের জীবনের এ বিশেষ সময়কে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। নাটকটিতে অসুস্থতা, ওকাম্পোর সান্নিধ্যে কাটানো দিন, দেশে ফেরার পরও সে সময়ের স্মৃতি আগলে রাখা এবং দুজনের সম্পর্কের আবেগ উঠে এসেছে। রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ারও নাটকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। এতে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই। ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া হাসান।
গবেষণাধর্মী এ প্রযোজনায় মানুষের সম্পর্ক, প্রেম ও স্মৃতির মধ্য দিয়ে মানবিকতার বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। সাধারণ দর্শকের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, কবি ও সাহিত্যিকদের কাছেও নাটকটি আগ্রহের বিষয় হয়ে উঠেছে বলে জানিয়েছে দলটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন