বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর মডার্ন মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৮ বছরের পথচলায় নানা অর্জন থাকলেও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা না পাওয়ার আক্ষেপ রয়েছে শিক্ষার্থীদের। আবাসিক হলের সংকট, মেসে হয়রানি, নিরাপত্তা উদ্বেগ ও গবেষণার সীমিত সুযোগ নিয়ে অসন্তোষ জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের প্রত্যাশা, দল-মত নির্বিশেষে সবাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন। কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুল পথে পরিচালিত করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তারা। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি অনুমোদনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন