শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অবহেলা না করে সুশিক্ষা, সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি শিক্ষিত ও সচেতন কন্যাশিশুই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, কন্যাশিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের বৈষম্য দূর করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। কন্যাশিশুর প্রতি কোনো ধরনের বৈষম্য, নির্যাতন কিংবা অবহেলা কাম্য নয়। তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টারসহ বিভিন্ন মহিলা সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন