রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ভবনের নির্মাণশ্রমিক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আসাদুল ও রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত তিন শ্রমিককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, পৌরসভার নির্মাণাধীন ভবনটিতে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্দার ছাদের নির্মাণকাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পাঁচজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এ সময় আসাদুল ও শিহাবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি তিন আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন