জাত-ধর্মের বিভেদ ভুলে মানবতার বাণী ছড়িয়ে দেওয়া বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১৭ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। একই দিন লালনের স্মরণে নানা আয়োজন থাকবে দেশের বিভিন্ন স্থানেও।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে লালন সাঁইয়ের গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার প্রতি শ্রদ্ধা জানানো হবে। জাত-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা লালন তার সৃষ্টিকর্মে ছড়িয়ে দিয়েছেন, সেই দর্শন নতুন করে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে স্মরণানুষ্ঠানের আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনায় এতে লালন সাঁইয়ের কালজয়ী গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত লালনশিল্পীরা। তাদের কণ্ঠে লালনের মরমি গান ও মানবতাবাদী দর্শন উঠে আসবে।
এদিকে, লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতেও আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা। ১৭-১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। দেশজুড়ে এসব আয়োজনের মধ্য দিয়ে বাউল সাধক লালন সাঁইয়ের জীবন, সাধনা, গান ও দর্শনকে স্মরণ করবেন ভক্ত, অনুরাগী ও সংস্কৃতিপ্রেমীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন