দিনাজপুরের বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার টিম লিডারদের নিয়ে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ে সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের টিম লিডার শাহরিয়ার হাসান সোহাগ, ভোগনগর ইউনিয়নের টিম লিডার রাকিব ইসলাম, সাতোর ইউনিয়নের টিম লিডার সাথী আক্তার, মোহনপুর ইউনিয়নের টিম লিডার তৈফিক আহম্মেদ এবং বীরগঞ্জ পৌরসভা টিমের লিডার মীর সাব্বির।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, টিম লিডারদের দায়িত্বশীল ভূমিকা পালন, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা, জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় পরিকল্পিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় মো. ওমর ফারুক বলেন, সামাজিক সংগঠনের কার্যক্রমকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সুস্পষ্ট পরিকল্পনা, দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রতিটি টিম লিডারকে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় সমস্যা ও চাহিদা চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার লক্ষ্য শুধু কার্যক্রম পরিচালনা নয়; বরং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন