নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, একদল তরুণের বন্ধুত্ব, প্রেম আর তারুণ্যের উচ্ছ্বাস—এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’ চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন মুনতাসির আকিব। টিজার, ট্রেইলার ও গান প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হওয়া সিনেমাটি আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের ক্যাম্পাসের পরিবেশ, তরুণদের আবেগ, বন্ধুত্ব ও প্রেমের স্মৃতিকে সিনেমার ভাষায় বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। তার প্রত্যাশা, ‘চিরকুট’ দেখতে গিয়ে দর্শক শুধু একটি গল্পের সঙ্গে পরিচিত হবেন না, বরং ফিরে যেতে পারবেন একটি বিশেষ সময়ের আবহে।
ফিল্ম ম্যানিয়া প্রযোজিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ এর বড় অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজন প্রমুখ।
পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি ‘চিরকুট’-এ যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। নির্মাতার তথ্য মতে, সিনেমাটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০-৩০০ জন শিক্ষার্থী অভিনয় করেছেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যাম্পাসের পরিবেশ ও তারুণ্যের সম্মিলিত উপস্থিতি বড় পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সিনেমাটির টিজার, ট্রেইলার ও ‘প্রেমে গেলাম ডুবে’ শিরোনামের গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা মুনতাসির আকিব। তিনি বলেন, “টিজার, ট্রেইলার আর রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশের পর থেকে এত সাড়া পাচ্ছি, যা দেখে আমি অভিভূত। ‘চিরকুট’ একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। আশা করি, ‘চিরকুট’ এবারের দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে দেবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন