শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর সফরকে কেন্দ্র করে নগরীর কয়েকটি মন্দিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তিনি কোন পূজামণ্ডপ পরিদর্শন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী সফরে একটি পূজামণ্ডপে যেতে পারেন। এ জন্য নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। তবে কোন মন্দিরে তিনি যাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রাথমিক সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শনের উদ্দেশে রওনা দেবেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের কথা রয়েছে। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সফর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলে জরুরি সভা আহ্বান করেছে জেলা বিএনপি। সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুরের এক থেকে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন।
তিনি প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন