উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় এক আবেগঘন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানকে তাঁর বাসভবন থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা ফুলের গালিচা বিছিয়ে শ্রদ্ধার সাথে তাঁকে তাঁর কার্যালয়ে নিয়ে যান। পরবর্তীতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান গত ২০০৬ সালের ৬ নভেম্বর উক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দীর্ঘ ২০ বছর সৎ, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে আজ ১৫ অক্টোবর তিনি শিক্ষকতা পেশা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতেন এবং অভিভাবকদের সাথে পরামর্শ করতেন। অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখার দায়িত্ব নিজ উদ্যোগে বহন করেও তিনি সর্বসাধারণের ভালোবাসা কুড়িয়েছেন।
দিনের দ্বিতীয় পর্বে দুপুর সাড়ে ১২ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফী-র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাসুমা জাহান এবং প্রতিষ্ঠানের সাবেক বিদ্যুৎসাহী সদস্য আব্দুল্লাহিল বাকী।
আলোচনা সভায় বক্তারা প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন