শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশের ৫৫ হাজার বর্গমাইল। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাও সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উদ্যাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াত আমির বলেন, দেশের অতীত ঐতিহ্য ধরে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে এবারও পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, এটাই প্রত্যাশা।
ডা. শফিকুর রহমান বলেন, সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন। পাশাপাশি সব ধর্মের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন