রংপুরের পীরগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত বজলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) শিশুটির চাচাতো ভাই মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলাটি করেন। এরআগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে বাড়ির দক্ষিণ পাশে পরিবারের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায় সে। এ সময় সেখানে গিয়ে বজলু মিয়া শিশুটিকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন। ঘটনার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে সে বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বলেন, ঘটনার বিষয়ে জানার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন