শারদীয় দুর্গাপূজা উৎসব উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আব্দুল হালিম।
পরিদর্শন কালে মণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভক্তদের যাতায়াত ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান।
মণ্ডপ পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আব্দুল হালিম সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা যাতে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রাখার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পুলিশের বিশেষ টহল দল সক্রিয় রয়েছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য বিরল থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপ গুলোর আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও পূজা কমিটির সাথে সমন্বয় করে কাজ করছি।
কোনো ধরনের গুজব বা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের আভাস পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ রইল।
পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুবল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায়, আনসার সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পূজা মণ্ডপের সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন