বৈশাখী টেলিভিশনের সাবেক রংপুর প্রতিনিধি, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সংবাদ পাঠক, দৈনিক দাবানল ও যুগের আলোর সাবেক বার্তা সম্পাদক, রংপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক আফতাব হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ৬২ বছর বয়সে ২০২২ সালের ১৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
প্রায় সাড়ে চার দশক সাংবাদিকতা ও সাহিত্য-সংষ্কৃতি চর্চা এবং গবেষণার সঙ্গে জড়িত ছিলেন সাংবাদিক আফতাব হোসেন। কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় তিনি বাংলাদেশ বেতার সম্মাননা, মোনাজাত উদ্দিন স্মৃতি পদক, ব্র্যাক ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড, ফিরে দেখা পদক, মানবকল্যাণ পদক, ভারতের তোর্ষা সাহিত্য পদক, শীতলগড় পদকসহ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাংবাদিক আফতাব হোসেন ২০১৭ সালে ‘সাংবাদিকতার পথে পথে’ ও ২০১৮ সালে ‘মুক্তিযুদ্ধের গল্প’ গ্রন্থের জন্য অর্জন করেছিলেন বর্ষসেরা পান্ডলিপি পুরস্কার। তার শেষ লেখা গবেষণামূলক গ্রন্থ ‘রোকেয়া পঞ্চানন দুই বাংলার সেতু বন্ধন’ প্রকাশিত হয়েছিল।
আফতাব হোসেন তার কর্মজীবনে ছিলেন নিরহংকার-নির্লোভ। বন্ধুসুলভ আচরণের জন্য তিনি সকল বয়সী সহকর্মীদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।
কৃষি কাজের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আফতাব হোসেন সব সময় অসহায়, শোষিত, বঞ্চিত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। সংবাদ ও রাজনীতি বিশ্লেষক হিসেবে রংপুরে তার ভাল খ্যাতি ছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন