নীলফামারীর কিশোরগঞ্জে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৪) এবং একই এলাকার আশোয়ার খানের ছেলে শাকিল খান (১৭)।
শনিবার (১৭ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর। এর আগে শুক্রবার রাতে উপজেলার মাগুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যাত্রীবেশে ইজিবাইকে উঠে সুবিধাজনক স্থানে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই করে আসছিল। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এই চক্রের সাথে উক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, “গ্রেফতারকৃতরা যাত্রী সেজে ইজিবাইকে উঠত এবং চালককে কৌশলে চেতনানাশক খাইয়ে গাড়িটি ছিনতাই করত। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন