পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।
এসময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ব্যারিস্টার তুষার কান্তি রায়, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আটোয়ারী উপজেলার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন