দিনাজপুরের বীরগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. সেলিম ইসলামকে রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সেলিম ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর দিস্তাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আব্দুল আজিজ ওরফে লাল মুন্সির ছেলে।
বীরগঞ্জ থানা পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর বাদশা রনির নেতৃত্বে এএসআই মো. সুফিয়ার রহমান ও এএসআই মো. একরামুল হকসহ পুলিশের একটি আভিযানিক দল গত ১৮ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোমবার ভোরে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাকে নিয়ে পুলিশের আভিযানিক দল বীরগঞ্জ থানায় পৌঁছায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন