শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধান মন্ত্রী তারেক রহমান। উপহার দিলেন ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী। মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রধান মন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধান মন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধান মন্ত্রী। পরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। তাদের দেখে প্রধান মন্ত্রী বাস থামান। এরপর শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন।
প্রধান মন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের দাবিও তুলে ধরেন বলে জানান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বলেন, কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান মন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি উপস্থাপন করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার রংপুরের ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন প্রধান মন্ত্রী। এরপর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুরে ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহী সফর শেষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধান মন্ত্রী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন