মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যারাথনের আয়োজন করেছে ‘কুঁড়েঘর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল প্রামাণিক।
এ সময় আয়োজক কুঁড়েঘর ফাউন্ডেশনের সদস্যরা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যারাথনে বিভিন্ন পেশার শতাধিক তরুণ অংশ নেন।
ম্যারাথনটি মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে সেতুর উত্তর প্রান্ত ঘুরে আবার দক্ষিণ প্রান্তে এসে শেষ হয়। চার কিলোমিটারের এ দৌড়ে অংশগ্রহণকারীরা নির্ধারিত টি-শার্ট পরে অংশ নেন।
ম্যারাথনে অংশ নেওয়া সাইফুল আলম বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনা সম্ভব।’
আরেক প্রতিযোগী আরমান মজুমদার বলেন, ম্যারাথনে অংশ নিয়ে পুরস্কার পেয়ে আমি আনন্দিত ও অনুপ্রাণিত। এ আয়োজন আমাদের মধ্যে শারীরিক সুস্থতার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সাহায্য করবে। মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও ভালো কাজে তরুণদের যুক্ত থাকা উচিত।
আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন