মানবিক সেবা ও সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার, নির্বাচিত হলে শেখপুরা ইউনিয়নে বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা
মানুষের প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক দায়বদ্ধতা থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. জিয়াউর রহমান জিয়া। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি ইউনিয়নের ১৬টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং মণ্ডপগুলোর পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
গতকাল সোমবার বিকেল থেকে রাত্রি দশটা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নে এ পরিদর্শন ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দুর্গাপূজা মণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দিনাজপুর জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী ওলামা দলের জেলা শাখার আহ্বায়ক হাফেজ মো. জিয়াউর রহমান জিয়া আসন্ন শেখপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি এ সময় বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে শেখপুরা ইউনিয়নের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজ অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেবেন। অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টা জরুরি সেবায় নিয়োজিত থাকবে। অসুস্থ রোগীদের বাড়ি থেকে হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে পুনরায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহন সেবা দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।
শেখপুরা ইউনিয়নের মানুষের যেকোনো সমস্যায় আমাকে ফোন দেবেন। আমি দ্রুত আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। মানুষের সেবা করাই আমার অঙ্গীকার।
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন