সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি মুখে যা বলে, কাজ দিয়ে তা প্রমাণ করে। কথা ও কাজের মধ্যে মিল রেখেই বিএনপি রাজনীতি করে। জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের গণেশতলা বারোয়ারি দুর্গামন্দির (রায় সাহেব বাড়ি) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের পূজামণ্ডপ পাহারা দিতে দেখা গিয়েছিল। কিন্তু এবার সেই দলের কাউকে দেখা যাচ্ছে না।’
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। দেশের শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সহাবস্থান অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন