দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ব্যাচভিত্তিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ বন্ধন ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজনে ২০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ২০২০ ও ২০২২ ব্যাচের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন নবাবগঞ্জের বিশিষ্ট খেলোয়াড় ইউনুস আলী।
এ সময় তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে। প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মোন্নাফ, সহকারী শিক্ষক আনিছুর রহমান, নবাবগঞ্জ স্পোর্ট একাডেমির সভাপতি হাফিজুল ইসলাম মিলনসহ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ও ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রীতি ম্যাচকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে খেলাধুলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের ব্যাচভিত্তিক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন