উপাসনাকারীদের চোখের জলে ভাসিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। আর তাইতো মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর
চণ্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা। আজ বিজয়া দশমী। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেওয়া হবে প্রতিমা বিসর্জন। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ ও ঘট বিসর্জনের পর শুরু হয় দেবীবরণের আয়োজন। এ সময় বিবাহিত নারীরা একে একে দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন এবং মিষ্টিমুখ করিয়ে তাঁকে বিদায় জানান। এরপর একে অপরের কপালে ও মুখে সিঁদুর মাখিয়ে উদ্যাপন করেন সিঁদুর খেলা।
এছাড়া দেবী দুর্গার বিদায়ের আগে, এদিন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতনী নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেন তারা।
শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা।
দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা। পূজার সূচি অনুযায়ী, সকালে দশমী পূজার পুষ্পাঞ্জলি ও পূজা সমাপন হয়েছে।
এবার প্রতিমা নিরঞ্জনের (বিসর্জন) শুভক্ষণ দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রাজধানীতে বেলা ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে।
গত বছর ঢাকায় ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটগুলো হলো— বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট, বসিলা ব্রিজঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।
মহাদশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের দুর্গোৎসব। এদিকে, সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন