স্থানীয় সরকার নির্বাচনে দল বা সরকারের কোনো হস্তক্ষেপ ও প্রভাব থাকবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের সম্ভাব্য প্রার্থীদের এখনই জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দল থেকেও এমন যোগ্য প্রার্থীকে মনোনীত করতে বলেছেন, যাঁর জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সক্ষমতা রয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লুতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত একাধিক নেতার সঙ্গে আলাপকালে তাঁরা এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সময়স্বল্পতার কারণে সভায় কেবল তারেক রহমান বক্তব্য দেন।
একাধিক নেতাকর্মী জানিয়েছেন, সভায় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও দলীয় নেতাকর্মীদের অবদান রাখতে নির্দেশনা দেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাকে দুটো জিনিস এনে দেবেন। সব এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের যেকোনো মূল্যে অবদান রাখতে হবে। মানুষ যেরকম শান্তি-শৃঙ্খলা চায়, সেটা। আপনি যা চান, তা নয়; আপনি যেটা চান, সেটা রাখা যাবে না। সাধারণ মানুষ শান্তি-শৃঙ্খলার মধ্যে যে সেন্স তৈরি করে, সেটাই হলো আমাদের কথা।’
তারেক রহমান দলের নেতাকর্মীদের বলেছেন, ‘আপনি যদি চান, আপনার এলাকায় ড্রাগের সমস্যা কমে আসতে পারে। আপনি যদি চান, আপনার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনি যদি চান, বিভিন্ন রকমের যে চোর-বাটপার আছে, সেগুলো কমে আসতে পারে। এই চাওয়াটা আপনাদেরই হতে হবে, শুধু প্রশাসনিকভাবে হলে হবে না।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন