পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে তানহা নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশে প্রবাহিত করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে দ্রুত তাকে নদী থেকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা নূরনবী জানান, বুধবার সকাল থেকেই তানহা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। নদীতে পড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগেও তিনি তাকে বাড়িতে দেখতে পেয়েছিলেন। পরবর্তীতে নদীর পাড় থেকে স্থানীয় লোকজনের চিৎকার শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং নদী থেকে উদ্ধার করা ভাতিজিকে দেখতে পান। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের মাতম। অবুঝ এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো দারারহাট ডাক্তারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন