শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী উপলক্ষে রংপুরের মন্দিরগুলোতে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছেন পূজার আয়োজক ও ভক্তরা।
আজ সকাল ১০টায় রংপুর নগরের কালীবাড়ি করুণাময়ী মন্দিরে গিয়ে দেখা গেছে, শেষ সময়ে ভক্তদের পদচারণা। দেবী দুর্গাকে বিসর্জন দিতে সিঁদুর পরিয়ে ভক্তি আরাধনায় মত্ত আগত সনাতন ধর্মালম্বীরা। পাশাপাশি বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা এবং সিঁদুর খেলার আয়োজন করা হচ্ছে। পরে নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্দির কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের সমাপ্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করছেন আয়োজকরা।
ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায় মানেই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রত্যাশা। তাই বিদায়ের ক্ষণে একদিকে যেমন বিষাদের সুর, অন্যদিকে তেমনি আগামী বছরের দুর্গোৎসবকে ঘিরে নতুন করে অপেক্ষা শুরু হয়েছে ভক্তদের।
এবার শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে রংপুর বিভাগীয় নগরীসহ জেলায় মোট ৯৬৪টি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন