একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে এ প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি এর আগে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম কিংবদন্তি এ অভিনেত্রীর সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত। নাটকটির নাম ‘দাদীর আদর’। এটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির।
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার আগে অভিনয় করা নাটকটি এখন পর্যন্ত তার সর্বশেষ কাজ। আবিদ বিন প্রান্ত জানিয়েছেন, আগামীকাল ইউটিউবে প্রকাশ পাবে নাটকটি।
দিলারা জামান বলেন, ‘বৃষ্টি খুব লক্ষ্মী একটি মেয়ে। ভীষণ ভালো অভিনয় করে। মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় খুব খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি। এখন শুনছি, সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে। আল্লাহর কাছে দোয়া করি, বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
দিলারা জামানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের অভিনয় অঙ্গনের বটবৃক্ষ। তার কাছ থেকে অভিনয় শেখার শেষ নেই। তিনি অভিনয়ের পাঠশালা, আমাদের পথপ্রদর্শক।’
অন্যদিকে আবিদ বিন প্রান্ত বলেন, ‘এ নাটকে আমারই দাদির চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি দিলারা জামান আন্টি। আর তানিয়া বৃষ্টির সঙ্গে এটি ছিল তার অসুস্থ হওয়ার আগে আমার করা সর্বশেষ কাজ।’
পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘দাদীর আদর’ নাটকটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট শিল্পীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন