রাঙামাটির সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় গোলাগুলি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
পুলিশ সুপার জানান, সাজেক থেকে ফেরার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছায়। সেখানে অবরোধকারীদের মুখোমুখি হন পর্যটকেরা। তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। তবে আলোচনার একপর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা না শুনে তাদের লক্ষ্য করে সরাসরি ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
তিনি আরও জানান, ইটপাটকেল নিক্ষেপের পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হলে নিকটস্থ সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে পর্যটকদের জীবন ও জানমালের নিরাপত্তায় রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালাতে বাধ্য হন।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে দফায় দফায় বন্দুকযুদ্ধ চলে। পরবর্তীতে দুপুর ১টার দিকে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অবরোধকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাজেক ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। সশস্ত্র গোষ্ঠীদের ওপর যৌথবাহিনীর প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার থেকে সাজেকে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন