খেলাধুলার উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনে নারীদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
আজ বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি আয়োজিত ‘নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে’ এসব কথা বলেন তিনি। মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা এ কথা জানান।
টুর্নামেন্টে বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নীলফামারী মহিলা ফুটবল একাদশ ১-০ গোলে বগুড়া মহিলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলাকে কেন্দ্র করে মাঠে হাজার হাজার দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে ব্যতিক্রমী এ আয়োজনের মূল লক্ষ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন