রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাগদহারা গ্রামের ইন্তাজ আলীর ছেলে এজারুল মিয়া ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে সাদিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান বাড়ির লোকজন। এ সময় চিৎকার শুরু হলে পাশের মসজিদের মাইকে চুরির খবর প্রচার করা হয়। পরে স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই যুবককে ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলসংলগ্ন স্থানে তাদের আটক করেন স্থানীয় লোকজন। পরে সেখানে তাদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ তদন্তসংশ্লিষ্ট দলকে অবহিত করা হয়। পরে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন