দিনাজপুরের কাহারোল উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়ায় মৎস্য চাষির পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৪৫ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছে ভুক্তভোগী পরিবার।
দলিল সূত্রে পুকুরের মালিক মৃত হাকিমুদ্দিনের চার পুত্র - মোহাম্মদ মফিজ আলী, মোহাম্মদ আব্দুল ফারুক, মোহাম্মদ পিয়ার আলী ও মোঃ খমির উদ্দীন। ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুরের পাশে বাড়ি হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে ওই পুকুর নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন প্রতিবেশী মোঃ আব্দুল খালেক। তারই হুকুমে মাঠ পর্যায়ে এসব কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন মোঃ মোমিনুল ও মোঃ তোরাব আলী।জানা গেছে, গত ১৮/১০/২০২৬ তারিখে নিজেদের পুকুরে মাছ ধরতে গেলে ভুক্তভোগীর বউমা মোছাঃ নাসরিন আক্তার (১৯) এর উপর হামলার ঘটনা ঘটে। তাকে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ওই হামলার ঘটনার জের ধরেই গত শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ অক্টোবর) রাতের অঁাধারে পুকুরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ৪৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে। সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি টের পান তারা। এ বিষয়ে জানতে চাইলে ৫ নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনেছি, দ্রুত সরেজমিনে পরিদর্শন করবো। এ ব্যাপারে কাহারোল থানার এসআই আব্দুল হামিদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন