আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার ওপর জোর দিয়ে বলেছেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন মানে পোশাকের পরিবর্তন নয়, বরং সিলেবাসকে সময়োপযোগী ও আধুনিক করা।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ‘১৪তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে পড়া কোনো জাতির জন্য কল্যাণকর নয়। আমাদের আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তা না হলে আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই, তা কোনোভাবেই সম্ভব হবে না।’
বর্তমান প্রেক্ষাপটে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, সমসাময়িক সমাজে শক্ত ভিত্তি নিয়ে টিকে থাকতে হলে সার্বিক শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী করতে এর সিলেবাস আধুনিকায়নের নানামুখী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন