ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বায়েজিদ-ফাহিমরা। বুরুন্ডির কাছে হারের ধাক্কা সামলে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোররা।
‘জি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। তাতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ফিজি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। তবে শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ফিজির ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন বায়েজিদ। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হার নিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করল বাংলাদেশ। এর আগে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছিল দলটি। এবার ফিজিকে হারিয়ে সেই হারের হতাশা কিছুটা হলেও কাটাল বাংলাদেশের কিশোররা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন