নীলফামারীর সৈয়দপুরে আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। কারখানাটিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, অনুমোদন বা লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানোর মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়। ২৭ অক্টোবর অভিযানে এসব অনিয়মের সত্যতা আমলে নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকলিমা ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
অভিযানকালে নিষিদ্ধ রং ও শিল্প লবণ ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানার সব ধরনের অসংগতি আগামী ১৫ দিনের মধ্যে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীন এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আল আমিন। অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে সৈয়দপুর থানা পুলিশের একটি দল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন