সহপাঠী ধর্ষণের বিচারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) লালমনিরহাট শহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইউসুফ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্তের কুশপুত্তলিকা দাহ করে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।
অভিযুক্ত ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের নিউ রুপসী বাংলা ক্লিনিকের পরিচালক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শহর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা মহাসড়ক অবরোধ করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দ্রুত দৃশ্যমান বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন