জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, এনজিও বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু এবং সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্নবসহ সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন।
সভায় আগামী দিনের এ প্রীতি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের সাবেক ফুটবলারদের এ মিলনমেলা পাঁচবিবির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন