দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের মৃত্যুর পর সৎকারে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ডা. সাধন চৌধুরীর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাজল চন্দ্র মহন্ত।
বুধবার (২৮ অক্টোবর) রাতে পুলিশের পাহারায় ফুলবাড়ী মহাশ্মশানে উপস্থিত হয়ে মায়ের সৎকারে অংশ নেন তিনি। প্রায় আট বছর পর প্যারোলে মুক্ত হন তিনি।
কাজল চন্দ্র মহন্ত ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের মৃত কার্তিক চন্দ্র মহন্ত ও রিনা রানী মহন্তের একমাত্র ছেলে। বুধবার সকালে অসুস্থতাজনিত কারণে তার মা রিনা রানী মহন্ত মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্যারোলে মুক্তি পান কাজল।
পরে পুলিশের কঠোর পাহারায় ফুলবাড়ী মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে মায়ের সৎকার সম্পন্ন করেন তিনি। সৎকার শেষে আবারও পুলিশের পাহারায় তাকে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ প্রায় আট বছর পর প্যারোলে মুক্ত হয়ে মায়ের সৎকারে অংশ নিতে আসার খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে মহাশ্মশানে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনরা। এ সময় ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মায়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে অংশ নেওয়ার এই ঘটনায় শ্মশানে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সৎকার শেষে কাজলকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম বলেন, কাজল চন্দ্র মহন্তের মা রিনা রানী মহন্ত অসুস্থতাজনিত কারণে মারা যান। পরে পরিবারের পক্ষ থেকে মায়ের সৎকারে ছেলে অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছিল। পরে ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করেন এবং তাকে সৎকারে অংশ নিতে দেয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন