রংপুরের তারাগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের মাঝের ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন