কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবি দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার বিকেলে খলিলগঞ্জ ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবি সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ ওয়াপদাপাড়া এলাকার অ্যাডভোকেট আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী ডলি বেগম (৩৫) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার শাহেদ মাহমুদ শাকিল (৩২)।
কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি দল। অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সন্ধ্যায় আটককৃতদের কুড়িগ্রাম সদর থানায় পুলিশে সোর্পদ করা হয়েছে। ‘আইনজীবি দম্পতি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কারবার করে আসছিলো। তাদের মাধ্যমে এলাকায় একটি মাদক সিন্ডিকেটও গড়ে উঠেছে,’ তিনি বলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন