গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাঘাটা উন্নয়ন সংস্থার (এসইউএস) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চরাঞ্চলের প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার জুমারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল মোল্লা রানা। এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা আহসান হাবীব রিটু।
‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এ ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সরাসরি রোগীদের ব্যবস্থাপত্র দেন। একই সঙ্গে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের ওষুধ সরবরাহ করা হয়।
আয়োজকেরা জানান, অর্থনৈতিক টানাপোড়েন ও চরাঞ্চলের অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে দুর্গম এলাকার বহু মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। সুবিধাবঞ্চিত এসব মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন