দিনাজপুর
কোতোয়ালী থানাধীন দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার মিনার মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং দিনাজপুর কর্তৃক আয়োজিত “মাদকবিরোধী সমাবেশ” অনুষ্ঠিত হয়।
শুক্রবার অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সন্তান কার সঙ্গে মিশছে, কাদের সঙ্গে বন্ধুত্ব করছে, কোথায় যাতায়াত করছে এবং অবসর সময় কীভাবে কাটাচ্ছে-এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান। পাশাপাশি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়; এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এলাকার কোথাও মাদকদ্রব্যের কেনাবেচা বা মাদকসংক্রান্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং মাদক নির্মূলে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, দিনাজপুর; জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও সদস্যবৃন্দ; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ; সাংবাদিকবৃন্দ; গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য সেবনের কুফল, মাদক প্রতিরোধ ও প্রতিকার এবং সাইবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন