ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর ডিসির মোড় থেকে র্যালিটি শুরু হয়। এতে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ তিন শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।
রংপুর সিটি করপোরেশনের (রসিক) আয়োজনে এবং নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম (নাইস) প্রকল্প ও রংপুর সাইক্লিস্টসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন রসিক প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
উদ্বোধন শেষে তিনি বলেন, জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা ছাড়া শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করতে সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর তরুণদের সম্পৃক্ত করে আরও একটি র্যালি অনুষ্ঠিত হবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন