জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- এমন গুঞ্জনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর নামে একটি স্থানীয় পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের ক্ষোভ কতটা তীব্র, তাদের সঙ্গে সরাসরি কথা বললেই তা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। সেই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে নির্বাচন করবে- এটি দলীয় সিদ্ধান্ত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন